

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার অব্যহত রেখেছেন। শারদীয় দুর্গোৎসবে প্রথমদিন তাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল আমিন অপু।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দেশের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও উৎসবের এই আবহে ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় ২টি পূজা মণ্ডপ রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ১টি পূজা মণ্ডপসহ সর্বমোট ১৩টি পূজা মণ্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি।
সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য মহানন্দা ব্যাটালিয়ন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।