

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হেরোইন উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।
রোববার (৪ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনের আমবাগানে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে এসআরবি-৫। এ সময় তাঁর ছোট ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁর মেজো ছেলে আল মামুনকেও পলাতন আসামি করা হয়।
তিনি দাবি করে বলেন, ঘটনার সময় আমার ছেলে আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। আমার দুই ছেলে কিংবা পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত নন। সোর্সের ষড়যন্ত্রে তাঁদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দুই ছেলেকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান। সংবাদ সম্মেলনে মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসআরবি-৫-এর কমান্ডিং অফিসারের সঙ্গে একাধিক বার মোবাইল ফোন ও হোয়াইট অ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।