

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বেকারি কারখানার বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদিত বিস্কুট ও পাউরুটি তৈরির কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেকারির মালিক। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেকারির মালিক আব্দুস সাত্তার জানান, ভোররাতে কারখানাটিতে আগুন লাগে। আগুনে পুরো কারখানাটি পুড়ে যায়। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, শুক্রবার বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বেকারিটি পরিদর্শন করেন এলাকার সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় তিনি বেকারির মালিককে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।