

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করছেন।
আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন ১৩টি পূজামণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য দুটি বেইজ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হবে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি গুজব এড়িয়ে চলার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।