চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ”কথা আছে” বলে ডেকে নিয়ে এক প্রবাসীকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত প্রবাসী উপজেলার দাইপুকুরিয়ার বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে বাবুল আক্তার(৩৫)।
এদিকে মৃত্যু আগ মূহুর্তে বাবুল আক্তার বলেন, আনারুল আমাকে “কথা আছে” বলে ডেকে নিয়ে যায় এবং আমার হাত-পা বেঁধে আনারুল, বশির ও কটাসহ কয়েকজন ইচ্ছে সুখে পিটিয়েছে।
স্থানীয় ও নিহত ব্যক্তির মেয়ে জামাই আব্দুর রহমান অভিযোগ- রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার আনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যায়। পরে কলমুগাড়া এলাকায় হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, বাবুল আক্তার এলাকার এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে যুদ্ধে গিয়ে ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এলাকায় মিমাংসা হলেও দুই পক্ষের বিরোধ থেকেই যায়। সেই জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শুরু হয়েছে।