

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক খাদে পড়ে ৮জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
আহতরা হলেন, মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ(৪৫), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ(৩৫), আব্দুল মকিম(৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন(৩২), আরজেন ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০), মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। এছাড়া অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে সামাদ ও মুকিমকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারী জানান, মাঝাটোলা গ্রামে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে কয়েকজন আহত হয়েছে। আমি সংবাদ পেয়ে গ্রামপুলিশ পাঠিয়েছি এবং উপজেলা ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তবে, এঘটনায় কেউ মারা যায়নি।
এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, রাস্তার পাশের খাদে একটি ভটভটি পড়ে আছে। আমরা পৌছানোর আগে স্থানীয়রা গাড়িতে থাকা মানুষ ও গরুগুলো উদ্ধার করেছেন। এছাড়া খাদে পড়ে থাকা ভটভটি উদ্ধারে কাজ চলছে।