

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকা থেকে এসব চোরাই মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
মহানান্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন মডেলের ৫০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।