

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীন মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর ও বালুটুঙ্গী গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৩টি বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে বালুটুঙ্গী গ্রামে পৃথক অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা সব মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করছে।