

বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি এনগেজমেন্ট সভা’। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) অর্থায়নে পরিচালিত ‘Global Programme to End Child Marriage (GPECM-III)’ প্রকল্পের আওতায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এই বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করে।
আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, নাট্যকার, কলামিস্ট, সমাজ সংগঠক এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের শিক্ষক মোঃ জোনাব আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিবাহ একটি শিশুর মৌলিক অধিকার, শিক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নের অকালমৃত্যু ঘটায়। সমাজ থেকে এই কুপ্রথা পুরোপুরি নির্মূল করতে হলে শিক্ষক, অভিভাবক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা তৈরি করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সমাজ সচেতনতায় আলেম সমাজের ইতিবাচক ভূমিকার কথা জোর দিয়ে বলেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম। এছাড়াও সচেতনতামূলক উন্মুক্ত আলোচনায় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোসাঃ আয়েশা খাতুন ও কবি মাহবুবুল আলম জন। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে নিজেদের মনোভাব ও বক্তব্য তুলে ধরে শিক্ষার্থী শাফি শাহরিয়ার ভাষা।
সবশেষে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস উপস্থিত সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন এবং ঘরে ঘরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উক্ত সভায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উৎসাহ-উদ্দীপনার সাথে উপস্থিত ছিলেন।