

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দল রদবদলের পালা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগরের বিএনপি পথসভায় ৩০জন জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু এই প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়ে বিএনপিতে জামায়াতের কোন নেতাকর্মী যোগদান করেনি বলে দাবি করেছেন ধাইনগর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মো: মোজতাহিদুল ইসলাম।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো দলীয় প্যাডে তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন,
আমাদের ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি। প্রকৃতপক্ষে, যারা যোগদান করেছে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে মোঃ শাহ-আলম (৫ নং ওয়ার্ড) সাবেক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য ছিল, মোঃ মজিদ আলী (৪ নং ওয়ার্ড) দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ কর্মী ছিলেন। প্রকাশিত এসব সংবাদ বাস্তবতার সঙ্গে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা মনে করি, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা এবং জনমনে ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। আমাদের নেতা-কর্মীরা সংগঠনের আদর্শের প্রতি অবিচল, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি।