

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. ভিকুর স্ত্রী মোসা. হাসিনা বেগম (৫০), তার ভাতিজি রাজশাহীর তানোর উপজেলার কইচামোহনপুর গ্রামের মো. এরশাদের মেয়ে মোসা. আশা খাতুন (২৮) ও তার মেয়ে লক্ষীপুর হাজিপাড়া গ্রামের মো. বাবুর মেয়ে মোসা. মীম (১৩)।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, সকালে হাসিনা বেগম ছাদে ওঠার জন্য বাড়ির ভেতরে লাগানো লোহার সিঁড়িতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে নাতনি মিম ও ভাতিজি আশা খাতুন ছুটে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লোহার সিঁড়িটি বৃষ্টিতে ভিজে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছি।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিন জনের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।