তিনি বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে এই নির্বাচন বাস্তবায়নে সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। এ বিষয়ে সরকার কথা বলছে এবং কাজও করে যাচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। ফলে সেই গণঅভ্যুত্থানে যে গণআকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সরকার সংস্কার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে। সংস্কার কার্যক্রম ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং একই সঙ্গে সামনে থাকা নির্বাচনকে কেন্দ্র করে সরকার কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাবউদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।