

“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পাইলিং মোড়ে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।
পাইলিং মোড় আমবাগানে প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির প্রাণি স্থান পেয়েছে। একই সঙ্গে খামারীরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া অনুষ্ঠানে উদ্যোক্তা ও খামারিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।