

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী।
একাডেমিক সুপারভাইজার মোঃ সব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ আবদুৎ তোয়াব এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহদাত হোসেন।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ আজ মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশগুলোর কাতারে। আমরা অপার সম্ভাবনাময় সমুদ্র জয় করেছি। তবে এখনও পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ হচ্ছে না। দেশের প্রতিটি জলাশয়কে কাজে লাগাতে হবে। আমরা চীনকে পিছনে ফেলে মাছ উৎপাদনে এগিয়ে যাচ্ছি। তাই প্রত্যেকের উচিত পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয়ে মাছ চাষে উদ্যোগী হওয়া।”
তিনি আরও বলেন, “অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ সম্ভব হবে। পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে কৃষক ও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।”
বক্তারা বলেন, মাছ বাংলাদেশের অন্যতম প্রধান সম্পদ। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিকে সমৃদ্ধ করতে মাছের ভূমিকা অপরিসীম। সরকার ঘোষিত অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশি মাছ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। “প্রশিক্ষণ গ্রহণ করে বৈজ্ঞানিকভাবে মাছ চাষ করলে লাভবান হওয়া সহজ। সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে।”
আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল মাছ চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।