

৫ আগস্ট বাংলাদেশের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের বিজয় দিবস। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন—
“এই ৫ আগস্টে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচার বিদায়ের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের জান্নাত নসিব করেন।”
তিনি আরও বলেন, “নিজ নিজ এলাকায় গিয়ে দলীয় কাজ শুরু করুন। এখন থেকেই নির্বাচন ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ুন।”
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি ৬ আগস্ট (বুধবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।