

রূপগঞ্জে হত্যার এক বছর পর আদালতের নির্দেশে শরীফ আহমেদ সৌরভ (২১) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৭ আগস্ট রাতে সৌরভকে বাড়ি থেকে ডেকে নিয়ে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সে সময় দেশের রাজনৈতিক সহিংসতার কারণে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করা হয় এবং কোনো মামলা হয়নি। পরবর্তীতে চলতি বছরের ২৫ জানুয়ারি সৌরভের পরিবার ১৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল করিম আদালতের অনুমতি নিয়ে সোমবার লাশ উত্তোলন করেন। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সৌরভের লাশ পুনরায় দাফন করা হবে। এলাকাবাসী ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।