

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালক করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।
সন্ধ্যায় তিনি জানান, মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে উক্ত অবৈধ কাজের সাথে জড়িত মো. নাহিদ ইসলাম নামে একজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক। (ক) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।